জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর নানা সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি রফতানি, শিক্ষা, প্রযুক্তিগত উন্নয়ন ও অন্যান্য উদীয়মান অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার পরিসর আরও বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে দুই দেশের মধ্যকার পারস্পরিক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখা এবং অভিন্ন বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে পারস্পরিক সমন্বয় আরও বৃদ্ধি করার বিষয়ে উভয় নেতা একমত পোষণ করেন।

