GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ঢাকায় কার্যালয় খুলতে চায় মেটা

ঢাকায় কার্যালয় খুলতে চায় মেটা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক আমেরিকান বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ঢাকায় একটি কার্যালয় খোলার ইচ্ছা প্রকাশ করেছে।

একই সঙ্গে বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা এবং ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রেও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ।

তিনি জানান, প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার প্রতিনিধি দলের সঙ্গে তাদের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে অন্য একটি জরুরি এনগেজমেন্টের কারণে তিনি অংশ নিতে পারেননি।

ঢাকায় ফোকাল পয়েন্ট স্থাপনে আগ্রহ

শামা ওবায়েদ জানান, বাংলাদেশে বিপুল সংখ্যক ফেসবুক ব্যবহারকারীর বিষয়টি বিবেচনা করে মেটা ঢাকায় একটি ফোকাল পয়েন্ট বা প্রশাসনিক কেন্দ্র স্থাপনে বিশেষ আগ্রহ দেখিয়েছে।

তিনি বলেন, “ভারতে যে পরিমাণ ফেসবুক ব্যবহারকারী রয়েছে, তুলনামূলক বিচারে বাংলাদেশে ব্যবহারকারীর উপস্থিতি তার চেয়েও জোরালো।”

তার মতে, মেটা কর্তৃপক্ষ এখন পর্যালোচনা করবে কীভাবে এবং কখন ঢাকায় তাদের কার্যালয় চালু করা যায়।

ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন হয়রানি নিয়ে আলোচনা

বৈঠকে বাংলাদেশের নতুন সাইবার নিরাপত্তা আইন এবং তথ্যপ্রযুক্তি নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশের সামাজিক ও সামাজিক-মাধ্যমিক বাস্তবতায় কীভাবে ডিজিটাল হয়রানি মোকাবিলা করা যায়, সে বিষয়ে মেটা কীভাবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারে, তা নিয়েও আলোচনা হয়।

ই-কমার্স ও শিক্ষা খাতে সহযোগিতার আগ্রহ

মেটা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা এবং ই-কমার্স ও অনলাইন ব্যবসার প্রসারে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

শামা ওবায়েদ জানান, বর্তমান সরকারের নেতৃত্বে প্রথম বাজেটে প্রযুক্তি খাত ও ই-কমার্স প্রসারে নেওয়া অগ্রাধিকারমূলক পদক্ষেপগুলোর প্রশংসা করেছে মেটার প্রতিনিধি দল।

তিনি আরও জানান, মেটা বাংলাদেশের উদ্যোগগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং ভবিষ্যতে বাংলাদেশ টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

Social Icons