বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর দিনেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি পুনরুদ্ধারের খবরে সোমবার (২১ সেপ্টেম্বর) এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে তেলের দাম।
ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম কমেছে
রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা গেছে, বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৫ ডলার হয়েছে।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে থাকা ঝুঁকির প্রিমিয়ামের একটি অংশ কমেছে।
সৌদি আরবের তেল রপ্তানিতে পুনরুদ্ধার
ইরান-সমর্থিত হুথিদের হামলার কারণে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও দেশটির রপ্তানি কিছুটা পুনরুদ্ধার হয়েছে।
কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগস্টে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ২৪ লাখ ব্যারেলে নেমেছিল। সেপ্টেম্বরে এখন পর্যন্ত তা বেড়ে দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে।
হুথিদের হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন ঘটার পর আরামকো ইয়ানবু বন্দর দিয়ে কিছু চালান বন্ধ করে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে পরিবহনও বেড়েছে
জেপি মরগানের বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত ছয় দিনে হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের তেল পরিবহন দৈনিক গড়ে ২৯ লাখ ব্যারেলে পৌঁছেছে। আগস্টে এই পরিমাণ ছিল মাত্র ৭ লাখ ব্যারেল।
তবে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি আন্তর্জাতিক তেলবাজারে দামের ওপর ভিন্নমুখী প্রভাব ফেলছে।
বাংলাদেশে লিটারে ২০ টাকা বেড়েছে
অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ার প্রভাব বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।







