জ্বালানির দাম বাড়ার পর ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন ভাড়া কার্যকর হওয়ার পর রাজধানীর বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
বুধবার মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, কোনো কোনো বাসে আগের তুলনায় ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। অনেক বাসে নতুন ভাড়ার তালিকা না থাকায় ভাড়া নিয়ে পরিবহণকর্মীদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডাও হচ্ছে।
এদিকে যাত্রাবাড়ীর দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও কয়েকটি রুটে ভাড়া বাড়ানোর তথ্য পাওয়া গেছে। তবে মহাখালী বাসটার্মিনালের কয়েকটি কাউন্টারে সকালে আগের ভাড়াতেই টিকিট বিক্রি করতে দেখা গেছে।
মিরপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
মিরপুরের বিভিন্ন এলাকায় নতুন ভাড়ার তালিকা না থাকার অভিযোগ করেছেন যাত্রীরা। মিরপুর-১, ২, ১০, ১১ ও ১২ নম্বর এবং কালশী এলাকায় এমন পরিস্থিতির কথা জানিয়েছেন তারা।
মিরপুর-১২ নম্বরের বাসিন্দা রেলওয়েত হোসেন বলেন, সাগুফতা মোড় থেকে মিরপুর-১০ নম্বর শাহআলী মার্কেট এলাকায় যেতে আগে ১০ টাকা ভাড়া দিলেও নতুন করে তার কাছে ১৫ টাকা চাওয়া হয়েছে। তবে বাসে নতুন ভাড়ার কোনো তালিকা ছিল না।
মিরপুর-১২ নম্বর থেকে গাজীপুরের কালিয়াকৈরে যাতায়াতকারী এক যাত্রী অভিযোগ করেন, রাজধানী পরিবহণের বাসে তার কাছ থেকে আগের তুলনায় ৫ থেকে ১০ টাকা বেশি চাওয়া হচ্ছে।
মিরপুর-১ নম্বর এলাকার কয়েকজন যাত্রীর অভিযোগ, নতুন ভাড়া নির্ধারণের সুযোগে কোনো কোনো বাসে ইচ্ছেমতো ভাড়া দাবি করা হচ্ছে। কোথাও কোথাও ভাড়া নিয়ে হাতাহাতির পরিস্থিতিও তৈরি হচ্ছে বলে তারা জানান।
শাহবাগ, আজিমপুর ও মোহাম্মদপুরেও একই অভিযোগ
শাহবাগ থেকে গাবতলীগামী যাত্রী জুয়েল সিকদার জানান, আগে তিনি এই পথে ২০ টাকা ভাড়া দিতেন। কিন্তু এখন তার কাছ থেকে ৩০ টাকা নেওয়া হয়েছে। বাসকর্মীরা নতুন ভাড়ার তালিকা দেখাননি বলেও অভিযোগ করেন তিনি।
আজিমপুর থেকে মিরপুরগামী শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, আগে ১০ টাকা ভাড়া দিলেও এখন তাকে ১৫ টাকা দিতে হচ্ছে।
মোহাম্মদপুর থেকে মতিঝিলে নিয়মিত যাতায়াতকারী ফুয়াদ করিমের অভিযোগ, আগে ২০ টাকা ভাড়া নেওয়া হলেও এখন কোনো কোনো বাসে ২৫ থেকে ৩০ টাকা চাওয়া হচ্ছে।
কাওরান বাজার এলাকার কয়েকজন যাত্রীও কিছু বাসে ৫ থেকে ১০ টাকা বেশি ভাড়া চাওয়ার অভিযোগ করেছেন। তাদের অভিযোগে ওয়েলকাম, প্রজাপতি ও বিকল্প পরিবহণের নাম এসেছে।
নতুন তালিকা না পাওয়ার কথা পরিবহণকর্মীদের
ফার্মগেট এলাকায় এক বাসকর্মী জানান, নতুন ভাড়ার তালিকা হাতে না থাকায় যাত্রীদের তা দেখাতে পারছেন না। এ নিয়ে যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে।
অন্যদিকে রজনীগন্ধা পরিবহণের চালক মো. সাকিব হাওলাদার দাবি করেন, নতুন ভাড়ার তালিকা না পাওয়ায় তারা আগের ভাড়াই নিচ্ছেন।
দূরপাল্লার বাসেও বাড়তি ভাড়া
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় কয়েকটি দূরপাল্লার পরিবহণের কাউন্টারে বাড়তি ভাড়া নেওয়ার তথ্য পাওয়া গেছে।
ঢাকা-কুয়াকাটা রুটে আগে ২২০ টাকা নেওয়া হলেও এখন ২৫০ টাকা, ঢাকা-নবীনগর রুটে ৩২০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা এবং ঢাকা-পিরোজপুর রুটে একটি পরিবহণে ৬৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা নেওয়া হচ্ছে।
তবে ঢাকা-চট্টগ্রাম রুটে হানিফ পরিবহণের নন-এসি বাসে ৭০০ টাকা এবং ঢাকা-রংপুর রুটে বিআরএম পরিবহণে ৭৪৫ টাকা ভাড়া অপরিবর্তিত রয়েছে বলে সংশ্লিষ্ট কাউন্টারকর্মীরা জানিয়েছেন।
সায়েদাবাদের একটি পরিবহণের কাউন্টার ম্যানেজার এসএম তারিফুল ইসলাম বলেন, তারা আগের তুলনায় ৫০ টাকা বেশি নিচ্ছেন। তার দাবি, ইকোনমি ও বিজনেস ক্লাসের নন-এসি বাসে একই হারে ভাড়া নেওয়া হচ্ছে।
অন্যদিকে হানিফ পরিবহণের এক কাউন্টারকর্মী জানিয়েছেন, তারা যাত্রীদের কাছ থেকে আগের নির্ধারিত ভাড়াই নিচ্ছেন।
নতুন বাসভাড়া কত
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ডিজেলচালিত বড় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন এলাকার বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
এ ছাড়া আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
নতুন ভাড়া মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। মহানগরীর বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা রাখা হয়েছে।
ভাড়া তদারকিতে নেই অভিযান
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মঙ্গলবার জানিয়েছিলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। অভিযোগ প্রমাণিত হলে জরিমানার পাশাপাশি রুট পারমিট বাতিলের কথাও তিনি জানিয়েছিলেন।
তবে বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলেও ভাড়া তদারকিতে কোনো অভিযান চালানোর খবর পাওয়া যায়নি।
ঢাকা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম দেওয়ান বলেন, জ্বালানির দাম বাড়ার পর সরকার বাসভাড়া বাড়ালেও নতুন ভাড়ার প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত বর্ধিত ভাড়া না নেওয়ার কথা রয়েছে।







