ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবের অস্বাভাবিক আর্থিক লেনদেনের অনুসন্ধানের পর এ মামলা করা হয়েছে।
সিআইডির অভিযোগ, ঠিকাদারি ব্যবসার আড়ালে ভুয়া টেন্ডার, যৌথ ব্যবসার প্রলোভন এবং বাকিতে মালামাল কেনার কথা বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। মামলায় ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়াকেও আসামি করা হয়েছে।
এজাহার অনুযায়ী, ফয়সাল ১ কোটি ৯৩ লাখ ১ হাজার ৫০০ টাকা আত্মসাৎ, স্থানান্তর ও রূপান্তর করেছেন। এছাড়া আদালতের আদেশে তার স্বার্থসংশ্লিষ্ট ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
আদাবর থানায় সিআইডির মামলা
বুধবার সন্ধ্যায় রাজধানীর আদাবর থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
তিনি জানান, সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে ফয়সালকে একজন পেশাদার প্রতারক হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঠিকাদারি ব্যবসার আড়ালে ভুয়া টেন্ডার ও যৌথ ব্যবসার প্রলোভন দেখিয়ে এবং বাকিতে মালামাল কেনার কথা বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়া হয়।
দুবাইয়ে অর্থ পাচারের সম্ভাবনার তথ্য
এজাহারে বলা হয়েছে, ফয়সাল সংযুক্ত আরব আমিরাতের মাল্টিপল ট্যুরিস্ট ভিসাধারী। এনসিবি আবুধাবির তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি দুবাই থেকে বাংলাদেশে আসেন।
সিআইডির অনুসন্ধানে তার অপরাধলব্ধ আয় অবৈধ উপায়ে পাচার করে দুবাইয়ে বিনিয়োগের সম্ভাবনার কথাও উঠে এসেছে।
স্ত্রীর ব্যাংক হিসাবেও টাকা স্থানান্তরের অভিযোগ
অভিযোগ অনুযায়ী, জালিয়াতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন করতে ফয়সালের স্ত্রী শাহেদা পারভীনের এনআরবিসি ব্যাংকের সেনপাড়া শাখার হিসাবে একাধিকবার টাকা স্থানান্তর করা হয়।
পরে গত বছরের ৪ নভেম্বর ওই হিসাবে ৬২ লাখ টাকা নগদ জমা দিয়ে এফডিআর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
সিআইডির অনুসন্ধানে জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের তথ্যপ্রমাণ পাওয়ার পর ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত ফয়সালের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৫৩টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
একাধিক ব্যাংক হিসাব ব্যবহারের অভিযোগ
অনুসন্ধানের বরাতে মামলার এজাহারে বলা হয়েছে, অপরাধলব্ধ অর্থ গোপন এবং তা বৈধ হিসেবে দেখানোর উদ্দেশ্যে আসামিরা বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব ব্যবহার করেছেন।
এসব হিসাবে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়ার পরই সিআইডি মানি লন্ডারিং আইনে মামলা করেছে।
হাদি হত্যা মামলাতেও প্রধান অভিযুক্ত ফয়সাল
গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় পল্টন থানায় করা হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। ওই মামলার তদন্তে ফয়সাল এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্যও উঠে আসে।
১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য
২০২৫ সালের ডিসেম্বরে সিআইডি জানিয়েছিল, ফয়সাল ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এরই মধ্যে গত ৮ মার্চ ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। এরপর থেকে তারা ভারতের কারাগারে রয়েছেন।







