নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় তানভীর হোসেন রাব্বি (৩১) নামে এক মদের দোকানের কর্মচারীকে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নরসিংদী পৌরসভার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কিছু মানুষ বাজির মোড় এলাকায় আবাসিক হোটেল নিরালায় ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিবরণ
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর শহরের বাজির মোড় এলাকায় একটি লাইসেন্সধারী দেশি মদের দোকানে যান জাহিদসহ কয়েকজন।
অভিযোগ রয়েছে, বিনামূল্যে ১০ লিটার মদ না পেয়ে তারা দোকানের কাউন্টারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যান। এ সময় কাউন্টারের ভেতরে থাকা কর্মচারী তানভীর হোসেন রাব্বি দগ্ধ হন।
পরে তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মামলা হয়েছে থানায়
এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
তিনি জানান, মামলায় দুইজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
