চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চার দিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
যেভাবে মরদেহের সন্ধান
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার এক নারী বাড়ির ময়লা পানি ফেলতে গিয়ে ফসলি জমিতে পানির মধ্যে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুরুতে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনরা এসে মরদেহটি রিকাবি বেগমের বলে শনাক্ত করেন। তিনি মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।
চার দিন ধরে নিখোঁজ ছিলেন
পরিবারের সদস্যরা জানান, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে তাঁর সন্ধান চাওয়া হয়।
নিহতের ছেলে বাচ্চু মিয়া সওদাগর বলেন, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। এর আগেও তিনি কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। নিখোঁজ হওয়ার পর চার দিন ধরে তাঁরা মাকে খুঁজছিলেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
