সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু মৌখিক ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজ বাসভবনে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রাজধানীর গুলশানের নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত ১ হাজার ইউনিট বিদ্যুৎ নিজে ব্যবহার করেছেন এবং অতিরিক্ত ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছেন।
আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ডিডি (এলজি)-দের অংশগ্রহণে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় এসব কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মীর শাহে আলম জানান, গত তিন দিনে প্রধানমন্ত্রী এই পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে অনুসরণ করে সমবায় ভবন থেকে শুরু করে দেশের সকল সরকারি ও জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখার ওপরও গুরুত্ব দেন তিনি।
আসন্ন দুর্গাপূজা এবং স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কড়া নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের ক্ষমতায়ন ও প্রশাসনিক গতিশীলতা বাড়াতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে প্রতিবছর ‘ইউএনও বার্ষিক সম্মেলন’ আয়োজনের প্রস্তাব তুলে ধরেন প্রতিমন্ত্রী। এতে মাঠপর্যায়ের কর্মকর্তা ও ইউএনওরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও যৌক্তিক দাবিগুলো তুলে ধরার সুযোগ পাবেন। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর তাৎক্ষণিক সহায়তার জন্য প্রত্যেক ইউএনওর অধীনে ঐচ্ছিক ফান্ড গঠনের প্রয়োজনীয়তার কথাও সভায় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।
