GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ‘এভাবে রাষ্ট্র চলতে পারে না’: আদালত চত্বরে গর্জে উঠলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

‘এভাবে রাষ্ট্র চলতে পারে না’: আদালত চত্বরে গর্জে উঠলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

“রাষ্ট্রের মিসম্যানেজমেন্ট আর চলতে পারে না। এভাবে রাষ্ট্র চলতে পারে না। এরকম অবস্থায় কোনো সরকার টিকে থাকতে পারে না”—আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেলে এমনই তীব্র মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

আজ শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সিএমএম কোর্টে রিমান্ড শুনানির উদ্দেশ্যে নিয়ে আসার সময় প্রিজনভ্যান থেকেই সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

প্রিজনভ্যানের গ্রিলের ফাঁক দিয়ে আখতারুজ্জামান আরও বলেন, “নির্যাতন দিয়ে আমাদের সংগ্রাম থামানো যাবে না। আমরা বাংলাদেশের জনগণের জন্য, বিশেষ করে প্রবাসীদের স্বার্থের জন্য লড়ে যাব। ইনশাআল্লাহ, আজীবন এই লড়াই অব্যাহত থাকবে।”

শুনানির উদ্দেশ্যে নামানোর আগে পুলিশ সদস্যরা তাঁকে হেলমেট ও হাতকড়া পরাতে গেলে তিনি তীব্র আপত্তি জানান। পরবর্তীতে ভ্যান থেকে নামানো মাত্রই তিনি মাথা থেকে হেলমেট ছুড়ে ফেলে দিয়ে বলেন, “কেন হেলমেট পরব? সরকারের অবৈধ আদেশ মানি না।” মাথায় হেলমেট ছাড়াই তাঁকে এজলাসে ওঠানোর সময় তিনি “ইনকিলাব জিন্দাবাদ” ও “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান দিতে থাকেন।

শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর হলে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নিচে নামানোর সময়ও তিনি চিৎকার করে বলেন, “আমার পেছনে তারা জোর করে হাতকড়া দিয়ে হেলমেট পরিয়ে দিয়েছিল। আমি পরিনি। এই দেশের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবই। কত বছরের জেল দেবেন, দেন; কিন্তু প্রতিবাদ চলবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট নিয়ে বিমানবন্দর কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডা ও সরকারি কাজে বাধার অভিযোগে মামলা দায়ের হলে গতকাল শুক্রবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

Social Icons