প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পর পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদে পৌঁছেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে জাতীয় সংসদ ভবনে পৌঁছান। স্পিকারের কাছে তিনি যেকোনো মুহূর্তে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করবেন বলে জানা গেছে।
এর আগে, নানা অনিয়ম ও বিতর্কের জেরে তাঁকে তাৎক্ষণিকভাবে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকেও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর মিরপুরের ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এমপি মিষ্টির ঘনিষ্ঠজনদের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। পাশাপাশি তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলের একাধিক পুরোনো অভিযোগ ছিল।
হামলা ও দলীয় নীতি ভঙ্গের কারণে সরকার ও দল বিব্রত বোধ করায় প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের স্পষ্ট বার্তা দেন।
