কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় পাখি ভ্যানে (ব্যাটারি চালিত ভ্যান) থাকা নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা মাদ্রাসার সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভ্যানচালকের দায়িত্বে থাকা নওদা আজমপুর এলাকার আব্দুল সাত্তারের ছেলে কামরুল ইসলাম এবং ভ্যানের যাত্রী সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী ভানুমতি (৫৫)।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আমতলা মাদ্রাসার সামনে দ্রুতগতির একটি বাস বিপরীতমুখী পাখি ভ্যানটিকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী ভানুমতি মারা যান। খবর পেয়ে আমলা পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক কামরুল ইসলাম ও ভানুমতির মেয়ে হাসিনাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর ভ্যানচালক কামরুল ইসলাম মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাসচাপায় দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
