‘পৃথিবীর কোনো জ্যোতিষ, কোনো গোয়েন্দা সংস্থাও চিন্তা করেনি আওয়ামী লীগ এভাবে পালিয়ে বিদায় নেবে’ বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ১৯৭৫ সালের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার আল্লাহ যা চান তাই হবে।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেন্ট্রাল অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘পঁচাত্তর সালে মাত্র কয়েকজন কর্মকর্তা একটা ঘটনা ঘটিয়েছিল। কিন্তু বিশাল রক্ষী বাহিনী টু শব্দ পর্যন্ত করে নাই।’ তিনি বলেন, শেখ মুজিব, তার পরিবার ও আওয়ামী লীগকে রক্ষা করার জন্য সেদিন বিশাল রক্ষীবাহিনী অপেক্ষা করছিল। কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
তিনি বলেন, ‘আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস থাকতে হবে।’
অনুষ্ঠানে হামদ, নাতে রাসুল, কেরাত ও রাসুলের জীবনীর ওপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
আলোচকরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, ইসলামের বিধান ও মহানবীর আদর্শ মানবজাতির কল্যাণের জন্য।
‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠান সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
