GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সব অংশীজনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সব অংশীজনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিদ্যমান বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা এবং দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ-সহ সব অংশীজনকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ তাগিদ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি ও চাকা সচল রাখতে সমন্বিত উদ্যোগ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপ্রধান।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক অর্থনীতিকে মজবুত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিকূল পরিস্থিতিতে ব্যবসায়ীদের পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে অর্থ, শিল্প ও রফতানিবান্ধব নানামুখী নীতি বাস্তবায়ন করছে।

একইসঙ্গে বিকাশমান শিল্প ও বাণিজ্য খাতকে টিকিয়ে রাখার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সুরক্ষা প্রদান এবং নতুন বিনিয়োগ উৎসাহিত করতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

চলমান জ্বালানি সংকট নিরসনে কারখানা ও শিল্প মালিকদের সোলার বা সৌরবিদ্যুৎসহ অন্যান্য বিকল্প পরিবেশবান্ধব ব্যবস্থার দিকে দ্রুত অগ্রসর হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

জাতীয় রফতানি আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনে প্রশংসনীয় ভূমিকা রাখার জন্য বিকেএমইএ-সহ নিটওয়্যার খাতের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি; এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং প্রেস সচিব উপস্থিত ছিলেন।

Social Icons