নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় হতাশ হয়ে ১৭ বছর বয়সী এক মাদরাসাছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। নিহত মহসিন আল নাঈম দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নাঈম স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত।
দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী চণ্ডিগড় এলাকার এক তরুণীর সঙ্গে নাঈমের প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে নাঈমের পরিবার ওই তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও এগিয়েছিল।
তবে এর মধ্যে রোববার ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক হয়।
পরিবারের দাবি, ওই তরুণী বিয়ের কেনাকাটার জন্য স্থানীয় বাজারে এলে নাঈম বিষয়টি জানতে পারে। পরে সোমবার রাতে ওই তরুণী নাঈমকে জানায়, সে তাকে বিয়ে করতে পারবে না।
এরপর নাঈম হতাশ হয়ে পরিবারের অগোচরে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যরা জানান।
হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
পরিবারের সদস্যরা নাঈমকে ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঈমের বড় ভাই মাহমুদুল হাসান জানান, বিয়ের বিষয়ে তারা মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। পরে মেয়েটির বিয়ে অন্যত্র ঠিক হওয়ার বিষয়টি জানার পর নাঈম হতাশ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের ধারণা।
তদন্ত করছে পুলিশ
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মঙ্গলবার সকালে নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ক ও মানসিক হতাশার বিষয়টি সামনে এসেছে বলে জানান তিনি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
