GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / “বিদ্যুৎ উৎপাদনে রামপালের নতুন মাইলফলক”

“বিদ্যুৎ উৎপাদনে রামপালের নতুন মাইলফলক”

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এক নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুইটি ইউনিট একই সাথে চালু রেখে এই প্রথমবারের মতো সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা সরাসরি সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ থাকলেও দ্রুত তা মেরামত করে পুরোদমে নিরবচ্ছিন্ন উৎপাদন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের এনটিপিসির যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড’ (বিআইএফপিসিএল)-এর অধীনে কেন্দ্রটি নির্মিত হয়। রামপাল উপজেলার সাপমারী-কৈগর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমিতে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’ বাস্তবায়ন করা হয়।

দীর্ঘ প্রক্রিয়ার পর ২০২২ সালের ২৩ ডিসেম্বর প্রথম ইউনিট এবং ২০২৩ সালের ২৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়। কেন্দ্রটির দুটি ইউনিটের স্বাভাবিক ধারণক্ষমতা ১,১০০ থেকে ১,২০০ মেগাওয়াট হলেও সকল প্রতিবন্ধকতা কাটিয়ে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছে কর্তৃপক্ষ।

Social Icons