GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / বিনা খরচে বিদেশি ভাষা শেখার সুযোগ, প্রশিক্ষণ নিচ্ছেন তরুণরা

বিনা খরচে বিদেশি ভাষা শেখার সুযোগ, প্রশিক্ষণ নিচ্ছেন তরুণরা

ভাষা দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে বেকার তরুণদের জন্য বিনা খরচে বিদেশি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের আওতায় উপজেলার ৪ নম্বর গোবিন্দাসী ইউনিয়নের বেকার তরুণদের জন্য এ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাষা শিখন প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান।

বিভিন্ন দেশের ভাষা শেখার সুযোগ

জানা যায়, প্রতি ব্যাচে ১৫ জন করে প্রশিক্ষণার্থীকে ভাষা শেখানো হবে। সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, চীন, জাপান ও ইউরোপসহ বিভিন্ন দেশের ভাষা শেখার সুযোগ পাবেন আগ্রহী তরুণরা।

এক মাস মেয়াদি এ কোর্সে শুধু ভাষা শিক্ষাই নয়, ফ্রিল্যান্সিং, কাস্টমার সাপোর্ট এবং বিদেশগামী তরুণদের প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা শেখানো হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া রাউৎবাড়ী গ্রামের মাহবুব হোসেন ও কষ্টাপাড়ার হাফিজুর রহমান বলেন, তারা প্রথমবারের মতো বিদেশি ভাষা শেখার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। তাদের মতে, বিদেশে কাজ করতে গেলে ভাষা না জানার কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। বিনা খরচে ভাষা শেখার এ উদ্যোগ নিজেদের দক্ষ করে তোলার সুযোগ তৈরি করবে।

নারীদের জন্য সেলাই ও তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ

ভাষা প্রশিক্ষণের পাশাপাশি উপজেলার গোবিন্দাসী, ফলদা, অর্জুনা ও অলোয়া ইউনিয়নের গ্রামীণ নারীদের জন্য বিনা খরচে সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা।

কয়েড়া গ্রামের রেহানা পারভিন সুমি, রহিমা খাতুন ও শাহনাজ বেগম জানান, গৃহস্থালি কাজের পাশাপাশি তারা বিনা খরচে সেলাই মেশিনের প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণের মাধ্যমে সেলাইয়ের বিভিন্ন কাজ শিখেছেন এবং এখন ঘরে বসে কাজ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিদেশগামী তরুণদের কর্মদক্ষ করে গড়ে তুলতে চর ও গ্রাম পর্যায়ে বিনা খরচে ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গ্রামীণ দরিদ্র নারীদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ এবং যুবকদের স্বাবলম্বী করে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

Social Icons