জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।
শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের সূচিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক রয়েছে। দুই নেতার এই বৈঠকটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত হওয়ার কথা।
জাতিসংঘে ভাষণ দেবেন তারেক
বৃহস্পতিবার নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর বক্তব্যের জন্য নির্ধারিত সময় ১৫ মিনিট বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
এটি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ভাষণ হবে।
থাকছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি
বৃহস্পতিবার সকালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলা বিষয়ক একটি উচ্চপর্যায়ের সভায় অংশ নিয়ে প্রারম্ভিক বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতিসংঘের সূচিতেও ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের কথা রয়েছে।
এ ছাড়া মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু রোধসংক্রান্ত উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি প্রারম্ভিক বক্তব্য দেবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও বৈঠক করবেন।
জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলে তিনি হবেন তার পরিবারের তৃতীয় সদস্য যিনি এই মঞ্চে বক্তব্য দেবেন। এর আগে তার বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছেন।
