ব্রিকস জোটের সদস্য দেশগুলোর জন্য একটি ‘ওপেন-সোর্স এআই জোন’ তৈরির কাজে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
রোববার নয়াদিল্লিতে ব্রিকস জোটের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ প্রস্তাব দেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের এআই প্রতিষ্ঠানগুলো বর্তমানে বিশ্বমানের বিভিন্ন ওপেন-সোর্স এআই মডেল তৈরি করছে। এসব মডেলের সোর্স কোড উন্মুক্ত থাকায় কোডার বা প্রোগ্রামাররা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এগুলো পরিবর্তন করতে পারেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সোর্স কোড উন্মুক্ত রাখার নজির তুলনামূলকভাবে কম।
ব্রিকসের ‘ওপেন-সোর্স ও অন্তর্ভুক্তিমূলক এআই উদ্যোগের’ অংশ হিসেবে শি জিনপিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উন্নয়ন ও ব্যবহারিক প্রয়োগে পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে শি জিনপিংয়ের বক্তব্যের বিবরণ প্রচার করা হয়েছে।
প্রস্তাবিত উদ্যোগের আওতায় ব্রিকস সদস্য দেশগুলোর জন্য এআই বিষয়ে বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণ চালুর কথাও বলা হয়েছে। শি জিনপিং বলেন, এসব উদ্যোগের লক্ষ্য হলো এআইয়ের জন্য একটি উন্মুক্ত বাস্তুতন্ত্র তৈরি করা।
এ ছাড়া তিনি একটি ‘বিস্তৃত ও ঐকমত্যভিত্তিক বৈশ্বিক এআই সুশাসন কাঠামো’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
চীন, রাশিয়া ও ভারতসহ দেশগুলোকে নিয়ে গঠিত ব্রিকস জোট ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। উদীয়মান বড় অর্থনীতির দেশগুলোর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে এর যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে পশ্চিমা শক্তির আধিপত্য কমিয়ে ভারসাম্য প্রতিষ্ঠা ছিল এর অন্যতম লক্ষ্য।
এদিকে, এআই প্রযুক্তির দ্রুত উন্নয়নের পাশাপাশি এর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি ও উদ্বেগও বাড়ছে। এই প্রেক্ষাপটে শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠকে এআই পরিচালনা ও নিয়ন্ত্রণের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।
সম্মেলন শেষে ইতোমধ্যে ভারত ছেড়েছেন শি জিনপিং ও রুশ নেতা ভ্লাদিমির পুতিন।



