GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / মোটরসাইকেল থেকে ছিটকে পড়লেন সাদিয়া, ট্রাকচাপায় ঘটনাস্থলেই মৃত্যু

মোটরসাইকেল থেকে ছিটকে পড়লেন সাদিয়া, ট্রাকচাপায় ঘটনাস্থলেই মৃত্যু

ময়মনসিংহ সদর উপজেলায় স্পিড ব্রেকারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে ট্রাকচাপায় সাত মাসের অন্তঃসত্ত্বা সাদিয়া আফরিন ইভা (৩৪) নিহত হয়েছেন। তিনি ভালুকার একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই পাঁচরাস্তার মোড়ে পৌঁছানোর আগে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আফরিন ইভা ভালুকা পৌর শহরের মেহেদী হাসানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক পরীক্ষা করাতে স্বামী মেহেদী হাসানের মোটরসাইকেলে করে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে যান সাদিয়া। পরীক্ষা শেষে ফেরার পথে তিনি মোটরসাইকেলের পেছনে বসেছিলেন।

চুরখাই পাঁচরাস্তার মোড়ে পৌঁছানোর আগে একটি স্পিড ব্রেকারে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারালে সাদিয়া সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম বলেন, সড়কের ওই স্পিড ব্রেকারে সাদা কোনো চিহ্ন ছিল না। ফলে স্পিড ব্রেকারটি দেখতে না পেয়ে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাদিয়া পড়ে যান। পরে ট্রাকচাপায় তিনি মারা যান।

তিনি জানান, সাদিয়ার স্বামী মেহেদী হাসানের কোনো শারীরিক ক্ষতি হয়নি।

এসআই রাকিবুল আলম আরও বলেন, নিহতের স্বজনেরা বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Social Icons