GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ জামালপুরের ৫ বাসিন্দার

ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ জামালপুরের ৫ বাসিন্দার

ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৫ জনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে। একই এলাকার ৫ জন বাসিন্দাকে হারিয়ে পুরো জেলাজুড়ে এখন চলছে স্বজনদের শোকের মাতম। এই নির্মম দুর্ঘটনার পেছনে দায়ী ঘাতক বাসের চালক ও মালিককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। তাঁরা হলেন রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু, তাঁর মা রাশিদা বেগম, গর্ভবতী মেয়ে মর্জিনা এবং মর্জিনার শিশু সন্তান মিনাল। এছাড়া একই ইউনিয়নের বীর গোবিন্দবাড়ী গ্রামের সুজন আলীও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু দীর্ঘদিন ধরে গাজীপুরের হুতাপাড়া এলাকায় পরিবার নিয়ে বাস করছিলেন। মা, মেয়ে ও নাতিকে নিজের কর্মস্থলে বেড়াতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি গত বুধবার বাড়ি আসেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে তারা নান্দিনা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে বাসে করে গাজীপুর যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু ময়মনসিংহের আকুয়া বাইপাস পৌঁছালে বিপরীতমুখী ‘রাজিব পরিবহন’-এর একটি বাস অটোরিকশাটিকে মর্মান্তিকভাবে পিষে দেয়, এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

নিহত মোফাজ্জল হোসেন লেবুর স্বজনেরা জানান, বাসটির বেপরোয়া গতির কারণে একটি পুরো পরিবার মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজিব পরিবহন প্রায়ই এই রুটে ভয়াবহ দুর্ঘটনা ঘটালেও কোনো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না, ফলে চালকেরা ক্রমাগত বেপরোয়া হয়ে উঠছে।

Social Icons