নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে প্রায় ১২ বিঘা জমির পটলগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ১০ থেকে ১২ জন কৃষকের প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
এক রাতেই নষ্ট কৃষকের স্বপ্ন
কৃষকদের অভিযোগ, জমির পটলগাছে ফলন আসতে শুরু করেছিল। প্রতি সপ্তাহে প্রায় ৪০ থেকে ৫০ মণ পটল বিক্রি করে সংসারের খরচ, সন্তানের পড়াশোনা এবং দেনা পরিশোধের পরিকল্পনা করেছিলেন তারা।
কিন্তু সোমবার সকালে জমিতে গিয়ে কৃষকরা দেখতে পান, ক্ষেতের পটলগাছ কেটে ফেলা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কাটা পটলগাছ পড়ে রয়েছে। কোথাও গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে, আবার কোথাও পুরো লতা মাটিতে লুটিয়ে রয়েছে।
ঋণ করে চাষ, এক রাতেই সব শেষ
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সালাম বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের পাশাপাশি ঋণ করে তিনি পটল চাষ করেছিলেন। ফসল বিক্রি করে সংসার চালানোর আশা ছিল। কিন্তু এক রাতেই সেই আশা শেষ হয়ে গেছে।
আরেক কৃষক ইসরাফিল জানান, ফলন আসতে শুরু করায় তিনি পটল বিক্রিও করছিলেন। সকালে জমিতে এসে দেখেন, সব গাছ কেটে ফেলা হয়েছে।
কৃষকদের দাবি, পরিকল্পিতভাবে পটলগাছগুলো কেটে দেওয়া হয়েছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ
বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
