GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / রাশিয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে ইউরোপীয় গোয়েন্দাদের সতর্কতা

রাশিয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে ইউরোপীয় গোয়েন্দাদের সতর্কতা

রাশিয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে ইউরোপীয় গোয়েন্দাদের সতর্কতা

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া আগামী কয়েক মাসের মধ্যে বড় কোনো পদক্ষেপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইউরোপের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা। তাদের মূল্যায়ন অনুযায়ী, ড্রোন বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ন্যাটোভুক্ত কোনো এলাকায় সীমিত হামলা কিংবা অনুপ্রবেশ ঘটিয়ে জোটটির আর্টিকেল ৫-এর প্রতিক্রিয়া পরীক্ষা করা হতে পারে

পোল্যান্ডের প্রধানমন্ত্রী দোনাল্দ তুস্ক দেশটির পার্লামেন্টে বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী এমন পরিস্থিতি আগামী কয়েক মাসের মধ্যে তৈরি হতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই সতর্কতাকে ‘যৌক্তিক এবং তথ্যভিত্তিক’ বলে উল্লেখ করে জরুরি বৈঠক ডাকেন।

সীমিত অনুপ্রবেশের আশঙ্কা

চেক নিরাপত্তা সংস্থা বিআইএসের প্রধান মিহাল কোউদেলকার মতে, সীমান্তবর্তী কোনো ন্যাটো এলাকায় সীমিত অনুপ্রবেশ রাশিয়ার সম্ভাব্য পরিকল্পনার অংশ হতে পারে।

তার মূল্যায়নে এমন পরিস্থিতির মধ্যে সীমিত অনুপ্রবেশ, উসকানিমূলক কর্মকাণ্ড বা ব্যাপক প্রভাব সৃষ্টির উদ্দেশ্যে প্রচারণা থাকতে পারে। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হতে ‘বছরের মধ্যে নয়, মাসের মধ্যেই’ সময় লাগতে পারে। তবে একই সঙ্গে তিনি বলেন, এটি ঠেকাতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

বাল্টিক দেশগুলোর ভিন্ন মূল্যায়ন

তবে লাটভিয়া ও এস্তোনিয়ার কর্মকর্তারা তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছেন। লাটভিয়ার ভিডিডি প্রধান নরমুন্দস মেঝভিয়েতস বলেন, আসন্ন কোনো হামলার লক্ষণ তারা দেখছেন না। তবে তিনি মস্কোর কঠোর পদক্ষেপের প্রস্তুতির কিছু আলামতের কথা উল্লেখ করেন।

এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ইয়োনাতান ভেসেভিওভও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্ক নিয়ে সতর্ক করেন। তার বক্তব্য অনুযায়ী, হামলার আশঙ্কার মতো কোনো নির্দিষ্ট কারণ থাকলে কর্তৃপক্ষ তা স্পষ্টভাবে জানাবে।

ক্রেমলিনের অস্বীকৃতি

রাশিয়ার পক্ষ থেকেও হামলার সম্ভাবনার বিষয়টি নাকচ করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ধরনের গুঞ্জনকে বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন বলে মন্তব্য করেছেন।

এদিকে ইউক্রেন যুদ্ধ পঞ্চম শীতের দিকে এগোলেও শান্তি আলোচনায় দৃশ্যমান অগ্রগতি নেই। মার্কিন প্রশাসনের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভ সফর করলেও সুইডেনের সামরিক গোয়েন্দা প্রধান টমাস নিলসন মস্কোর আলোচনায় আন্তরিকতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

নাশকতা নিয়েও সতর্কতা

ইউরোপের তিন গোয়েন্দা প্রধানই মনে করেন, ইউরোপে রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ড আরও বাড়তে পারে। নিলসন জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলাকে পরিস্থিতি পরিবর্তনকারী ঘটনা হিসেবে উল্লেখ করেন।

লাটভিয়ার গোয়েন্দা প্রধানের মতে, রাশিয়া এখন রেলপথ, ইউক্রেনকে সহায়তা এবং প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে বেশি নজর দিচ্ছে।

অন্যদিকে নিলসনের মূল্যায়ন, মস্কো এমন পরিস্থিতি তৈরি করতে চাইতে পারে যেখানে ন্যাটো আর্টিকেল ৪ নিয়ে দীর্ঘ আলোচনা করলেও বাস্তব পদক্ষেপ না নেয়। কোউদেলকার মতে, এ ধরনের অনিশ্চয়তা ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলোর ওপরও চাপ বাড়াচ্ছে।

Social Icons