GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সময় বিকালে প্রধানমন্ত্রীর আবাসস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা প্রয়োজন।

এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বারহাম সালেহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ। বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাবাসনকে সংকট সমাধানের কেন্দ্রীয় বিষয় হিসেবে গুরুত্ব দেওয়া হয়।

Social Icons