GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / জীবনযাপন / অন্যান্য / ধর্ম / লাখ লাখ মুসলিম জীবন বিলিয়ে দিয়ে মক্কা-মদিনার মর্যাদা রক্ষা করবে: ধর্মমন্ত্রী

লাখ লাখ মুসলিম জীবন বিলিয়ে দিয়ে মক্কা-মদিনার মর্যাদা রক্ষা করবে: ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে লাখ লাখ মুসলিম নিজের জীবন বিলিয়ে দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এই দুই নগরী মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

মুসলিম উম্মাহকে ঐক্যের আহ্বান

ধর্মমন্ত্রী পবিত্র আল হারামাইনের (মক্কা ও মদিনা) দুই ইমামের বক্তব্যের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব।

তিনি বলেন, পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে বাংলাদেশের জনগণ আপসহীন। তিনি বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তার ভাষ্য, বর্তমানে ও ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা যেন সম্মিলিতভাবে প্রতিহত করা যায়, সে জন্য মুসলিম উম্মাহর ঐক্য প্রয়োজন।

বিবৃতির শেষে ধর্মমন্ত্রী মহান আল্লাহর কাছে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন।

Social Icons