GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান / তথ্যপ্রযুক্তি / ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার কারণ ও সমাধান

ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার কারণ ও সমাধান

অফিসের কাজ, পড়াশোনা কিংবা একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের সময় ল্যাপটপের তাপমাত্রা কিছুটা বাড়া স্বাভাবিক। তবে দীর্ঘ সময় ব্যবহারের পর যদি ল্যাপটপ অস্বাভাবিক গরম হয়ে যায়, ফ্যানের শব্দ বেড়ে যায় কিংবা কাজের গতি কমে যায়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

সময়মতো ব্যবস্থা না নিলে পারফরম্যান্স কমে যাওয়ার পাশাপাশি ল্যাপটপের বিভিন্ন হার্ডওয়্যারের ওপরও অতিরিক্ত চাপ পড়তে পারে।

ল্যাপটপ কেন অতিরিক্ত গরম হয়?

ল্যাপটপের প্রসেসর ও গ্রাফিক্স প্রসেসর কাজ করার সময় স্বাভাবিকভাবেই তাপ তৈরি করে। ভারী সফটওয়্যার, ভিডিও এডিটিং, গেম কিংবা একসঙ্গে অনেক অ্যাপ চালালে এই তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে।

এ ছাড়া কুলিং ফ্যান ও ভেন্টে ধুলা জমে যাওয়া, বিছানা বা বালিশের মতো নরম জায়গায় ল্যাপটপ ব্যবহার করা, অতিরিক্ত গরম পরিবেশে দীর্ঘ সময় কাজ করা, ফ্যানের সমস্যা কিংবা পুরোনো থার্মাল পেস্টও অতিরিক্ত গরম হওয়ার কারণ হতে পারে।

শক্ত ও সমতল জায়গায় ব্যবহার করুন

ল্যাপটপ ঠান্ডা রাখতে প্রথমেই ব্যবহারের জায়গার দিকে নজর দেওয়া জরুরি। সবসময় শক্ত ও সমতল জায়গার ওপর ল্যাপটপ রাখুন।

বিছানা, বালিশ বা সোফার ওপর রেখে কাজ করা এড়িয়ে চলুন। এসব জায়গায় ল্যাপটপের ভেন্ট বন্ধ হয়ে গিয়ে ভেতরের তাপ বাইরে বের হতে বাধাগ্রস্ত হতে পারে।

প্রয়োজনে ভালো বায়ু চলাচলের জন্য ল্যাপটপ স্ট্যান্ড ব্যবহার করা যেতে পারে।

ভেন্ট ও ফ্যান পরিষ্কার রাখুন

ল্যাপটপের ভেন্ট ও ফ্যানের আশপাশে ধুলা জমেছে কি না নিয়মিত পরীক্ষা করুন। বাইরের অংশ নরম ব্রাশ দিয়ে সতর্কতার সঙ্গে পরিষ্কার করা যেতে পারে।

তবে জোরে ধুলা ঝাড়বেন না কিংবা ধারালো কোনো বস্তু দিয়ে ভেন্টের ভেতরে খোঁচাবেন না।

অতিরিক্ত অ্যাপ বন্ধ রাখুন

একসঙ্গে অনেক সফটওয়্যার বা ব্রাউজার ট্যাব চালু থাকলে প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। তাই টাস্ক ম্যানেজার বা সংশ্লিষ্ট সিস্টেম টুল ব্যবহার করে দেখে নিন কোন অ্যাপ বেশি সিপিইউ ব্যবহার করছে

প্রয়োজন নেই এমন অ্যাপ বন্ধ রাখলে প্রসেসরের ওপর চাপ কমতে পারে।

পাওয়ার সেটিংসেও নজর দিন

ল্যাপটপের পাওয়ার মোডেও অতিরিক্ত তাপের প্রভাব থাকতে পারে। সর্বোচ্চ পারফরম্যান্সের পরিবর্তে ব্যালেন্সড বা ব্যাটারি সেভার মোড ব্যবহার করলে অনেক ক্ষেত্রে তাপ উৎপাদন ও বিদ্যুৎ খরচ কমানো সম্ভব।

কখন সার্ভিস সেন্টারে যাবেন?

এসব ব্যবস্থা নেওয়ার পরও যদি ল্যাপটপ বারবার অতিরিক্ত গরম হয়, নিজে থেকেই বন্ধ হয়ে যায় কিংবা ফ্যান থেকে অস্বাভাবিক শব্দ আসে, তাহলে বিষয়টি অবহেলা না করে দ্রুত অনুমোদিত সার্ভিস সেন্টারে দেখানো উচিত।

Social Icons