জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪-এ আয়োজিত ‘হাই-লেভেল মিটিং টু অ্যাড্রেস দি এক্সিসটেনশাল থ্রেটস পোজড বাই সি-লেভেল রাইজ’ শীর্ষক বৈশ্বিক উচ্চপর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কিত এই বিশেষ উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের ক্রমান্বয়ে উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রগুলোর ওপর নেমে আসা বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকির ভয়াবহ চিত্র তুলে ধরেন।
তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের এই তীব্র অভিঘাত কার্যকরভাবে মোকাবিলা করতে হলে বিশ্ব সম্প্রদায়কে সমন্বিত পদক্ষেপে এগিয়ে আসতে হবে; একই সাথে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিযুক্ত দেশগুলোর জন্য ন্যায়সংগত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, স্থানীয় অভিযোজন সক্ষমতা জোরদার করা এবং আন্তর্জাতিক সহযোগিতার পরিধি বাড়ানো অপরিহার্য।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ ছাড়াও বিশ্বপর্যায়ের একাধিক আন্তর্জাতিক সংস্থা ও পরিবেশ বিষয়ক সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
