নির্বাচনি দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের কার্ড ইস্যু প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সফটওয়্যার তৈরির আগে প্রয়োজনীয় Software Requirement Specification (SRS) প্রণয়নের লক্ষ্যে সোমবার (২০ সেপ্টেম্বর) ১২ সদস্যের কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার কমিটির বৈঠক
ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা জানান, সোমবার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক হবে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের সভাপতিত্বে বৈঠকে আরএফইড সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদফতর ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আগের প্রক্রিয়ায় তথ্য উন্মুক্ত হওয়ার অভিযোগ
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনলাইনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ জন্য কোনো ট্রায়াল ছাড়াই দ্রুত একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছিল।
তবে আবেদন করার পর সেখানে প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য উন্মুক্ত হয়ে পড়ার বিষয়টি সামনে আসে। এ নিয়ে গণমাধ্যমে আপত্তি ও দেশব্যাপী সমালোচনা হলে ওই প্রক্রিয়া থেকে সরে আসে ইসি।
এবার আলোচনা করে সফটওয়্যার তৈরির উদ্যোগ
আগের অভিজ্ঞতা থেকে এবার সতর্ক হয়ে সবার সঙ্গে আলোচনা করে কার্যকর ও নিরাপদ ব্যবস্থা তৈরির দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন।
এর অংশ হিসেবে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিয়ে প্রথমে সফটওয়্যারের প্রয়োজনীয়তা ও কাঠামো নির্ধারণ করা হবে। এরপর সেই অনুযায়ী সাংবাদিকদের কার্ড ইস্যুর জন্য নতুন সফটওয়্যার তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে।
