GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’-তে ভাঙচুর ও হামলার ঘটনার মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তি এলাকার মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।

ক্যান্টনমেন্ট থানার ওসি জানান, মূলত স্টুডিওটি যে ভবনে অবস্থিত সেই জমিটির মালিক ‘নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড’-এর সাথে স্থানীয় অন্য জমি মালিকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই জায়গা সংক্রান্ত বিরোধ ও সীমানা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশের প্রাপ্ত তথ্যানুযায়ী, বিতর্কিত ওই প্রপার্টিজের একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির নিজের ব্রাউনফিশ স্টুডিও তৈরি করেছিলেন। প্রতিপক্ষের লোকজন প্রাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর করার সময় সালমান মুক্তাদিরের স্টুডিওটিও ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে শনিবার দিবাগত রাতে দুটি ট্রাকে করে একদল সশস্ত্র দুর্বৃত্ত গিয়ে অতর্কিত হামলা চালিয়ে স্টুডিওটি লণ্ডভণ্ড করে বলে অভিযোগ করেছিলেন সালমান মুক্তাদির। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ হামলায় সরাসরি জড়িত এই চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Social Icons