
হাম (Measles) ও এর উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যা জনস্বাস্থ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সংক্রমণ ও মৃত্যুর এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮০ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৬৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে, আর বাকি ৫৩৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গজনিত কারণে।
একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৩ জনে। এছাড়া উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৬ হাজার ১৭০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।



