বিয়ের আগে সাধারণত ভেন্যু, অতিথি, পোশাক কিংবা হানিমুনের পরিকল্পনা নিয়েই বেশি আলোচনা হয়। কিন্তু বিয়ের পরের জীবন অনেকটাই নির্ভর করে অর্থনীতি, পরিবার, ব্যক্তিগত স্বাধীনতা ও মতবিরোধ কীভাবে সামলানো হবে তার ওপর।
তাই বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুজনের প্রত্যাশা পরিষ্কার করে নেওয়া ভালো। সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়, তবে একে অপরের অবস্থান জানা থাকলে ভবিষ্যতের অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব।
১. বিয়ের অর্থ কী?
একেকজনের কাছে বিয়ের অর্থ একেক রকম। কারো কাছে বিয়ে মানে জীবনের প্রায় সবকিছু একসঙ্গে করা, আবার কেউ সঙ্গীর সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার পাশাপাশি নিজস্ব ব্যক্তিগত পরিসর ধরে রাখতে চান।
তাই দৈনন্দিন জীবন, ব্যক্তিগত সময়, সামাজিকতা, পরিবার এবং একসঙ্গে সময় কাটানো নিয়ে দুজনের প্রত্যাশা কী, তা আগে থেকেই আলোচনা করা প্রয়োজন।
অনেক সম্পর্কেই সমস্যার শুরু হয় এমন কিছু প্রত্যাশা থেকে, যেগুলো কখনো স্পষ্ট করে বলা হয়নি।
২. টাকা-পয়সা কীভাবে সামলাবেন?
দাম্পত্য জীবনে অর্থের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ের পর যৌথ ব্যাংক অ্যাকাউন্ট থাকবে কি না, আলাদা হিসাব রাখা হবে কি না, বড় খরচ কীভাবে ভাগ হবে এবং কতটা সঞ্চয় করা হবে, এসব বিষয়ে আগেই কথা বলা ভালো।
এ ছাড়া কারো আগে থেকে কোনো আর্থিক দায়িত্ব থাকলে সেটিও সঙ্গীকে জানানো উচিত।
দুজনের খরচের অভ্যাস এক না হলেও সমস্যা নেই। গুরুত্বপূর্ণ হলো অর্থ নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা থাকা।
৩. পরিবার কতটা জড়িত থাকবে?
বিয়ে শুধু দুই ব্যক্তির সম্পর্ক নয়। দুই পরিবারের প্রত্যাশা, উৎসব, ছুটি, বসবাস কিংবা আর্থিক সহায়তার মতো বিষয়েও পরিবারের প্রভাব থাকতে পারে।
তাই আগে থেকেই আলোচনা করুন, পরিবারের সঙ্গে কতটা সময় কাটাবেন, বাবা-মায়ের সঙ্গে থাকা নিয়ে দুজনের মত কী এবং দুই পরিবার কোনো সিদ্ধান্তের বিরোধিতা করলে কীভাবে বিষয়টি সামলাবেন।
এই বিষয়গুলো আগে পরিষ্কার না করলে পরবর্তীতে দাম্পত্য জীবনে চাপ তৈরি হতে পারে।
৪. মতবিরোধ হলে কীভাবে সামলাবেন?
প্রত্যেক সম্পর্কেই মতের অমিল হতে পারে। আসল বিষয় হলো, সেই মতবিরোধ কীভাবে সামলানো হচ্ছে।
কেউ হয়তো রাগের পর কিছু সময় একা থাকতে চান, আবার কেউ দ্রুত কথা বলে সমস্যার সমাধান করতে চান। তাই রাগের সময় আচরণ, ক্ষমা চাওয়া, সমালোচনা গ্রহণ এবং কঠিন বিষয় নিয়ে কথা বলার ধরন নিয়ে আগে থেকেই আলোচনা করা ভালো।
মতবিরোধ হওয়া মানেই সম্পর্ক খারাপ নয়। তবে বারবার অসম্মান করা, দীর্ঘ সময় কথা বন্ধ রাখা কিংবা সমস্যা এড়িয়ে যাওয়া ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে।
৫. কোন বিষয়গুলোতে আপস করতে চান না?
এটি সম্ভবত বিয়ের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি।
প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু বিষয় থাকে, যেগুলো তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো কাছে সেটি হতে পারে ক্যারিয়ার, সন্তান নেওয়া, কোথায় বসবাস করবেন, ব্যক্তিগত স্বাধীনতা, ধর্মীয় বা সাংস্কৃতিক মূল্যবোধ, বাবা-মায়ের দায়িত্ব কিংবা নিজের জন্য আলাদা সময়।
তাই সরাসরি জিজ্ঞেস করতে পারেন:
“তোমার জীবনের কোন বিষয়গুলো তুমি কোনোভাবেই আপস করতে চাও না?”
বিয়ে অবশ্যই অনেক জায়গায় সমঝোতার সম্পর্ক। তবে সেই সমঝোতা যেন নিজের স্বপ্ন, মূল্যবোধ কিংবা ব্যক্তিসত্তা হারিয়ে ফেলার কারণ না হয়।



