GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / Uncategorized / ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ধোঁয়া ও আতঙ্কে প্রাণ গেল ৬ জনের

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ধোঁয়া ও আতঙ্কে প্রাণ গেল ৬ জনের

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে সিঁড়ি দিয়ে নামার সময় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন অজ্ঞাত শিশু রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের আট তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এছাড়া অজ্ঞাত এক শিশু মারা গেছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা যায়, আগুন লাগার পর রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত হাসপাতালের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এক অজ্ঞাত শিশুসহ ছয়জন পদদলিত হয়ে মারা যান

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর অতিরিক্ত ইউনিটগুলো সরিয়ে নেওয়া হলেও চারটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের সঙ্গে যুক্ত বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, কন্ট্রোল রুমে আগুন লাগার কারণে ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের পরিমাণ বড় না হলেও ধোঁয়ার কারণে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে হাসপাতালের কোনো ওয়ার্ডের ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের প্রকৃত কারণ এবং বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Social Icons