চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে মন্ত্রীদের ছবি তোলা নিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে তিনি শিল্পীদের উদ্দেশে বিভিন্ন কথা বলেন।
জয় তার স্ট্যাটাসে লেখেন, তথ্য মন্ত্রীর সঙ্গে দীঘি ছবি তুলতে গেলে মন্ত্রী হাসিমুখে তাড়াহুড়ো করে অন্য কাজের কথা বলে দ্রুত সরে যান। তার ভাষ্য, দীঘির চোখেমুখে কিছুটা বিব্রতভাবও দেখা গিয়েছিল। তবে তিনি এ পর্যবেক্ষণ ভুলও হতে পারে উল্লেখ করে আগেই ক্ষমা চান এবং কাউকে অপমান করার উদ্দেশ্য নেই বলে জানান।
শিল্পীদের উদ্দেশে জয় বলেন, চলচ্চিত্র পরিচালক দিবসে তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি চলচ্চিত্রের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে। তার মতে, বিভিন্ন মতের প্রতিভাবান চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ করার বা কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিতও এতে পাওয়া গেছে।
তিনি আরও লেখেন, মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার ক্ষেত্রে শিল্পীদের সতর্ক হওয়া উচিত। তার ভাষায়, কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ। আগের সময়ের অভিজ্ঞতা থেকে শিল্পীদের শিক্ষা নেওয়ার কথাও বলেন তিনি।
জয় বলেন, শিল্পীদের মূল উদ্দেশ্য হওয়া উচিত কাজ। চলচ্চিত্রশিল্প স্বয়ংসম্পূর্ণ হলে এবং শিল্পীরা নিজেদের প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরাই তাদের সঙ্গে ছবি তুলতে আসবেন বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি ববিতা ও সাবিনা ইয়াসমিনের উদাহরণও তুলে ধরেন।
চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগের প্রশংসা করে জয় বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে সরকারের ঊর্ধ্বতন তিনজন মন্ত্রী ও চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের একত্রিত করার উদ্যোগটি প্রশংসনীয়। তার মতে, সিনেমার হাল ধরেন পরিচালকরা।
তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানান। পাশাপাশি ফরিদুর রেজা সাগরের প্রশংসা করে তাকে চলচ্চিত্রের ‘প্রধানতম অভিভাবক’ ও ‘নেপথ্যের নায়ক’ হিসেবে উল্লেখ করেন।
