GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / লাইফ স্টাইল / ফ্যাটি লিভার শুধু লিভারের সমস্যা নয়, বাড়তে পারে যে ঝুঁকি

ফ্যাটি লিভার শুধু লিভারের সমস্যা নয়, বাড়তে পারে যে ঝুঁকি

ফ্যাটি লিভার শুধু লিভারের সমস্যা নয়, বাড়তে পারে যে ঝুঁকি

স্বাস্থ্য পরীক্ষায় ফ্যাটি লিভার ধরা পড়লে বিষয়টিকে শুধু লিভারের সমস্যা হিসেবে দেখলে চলবে না। শরীরের বিপাকীয় স্বাস্থ্যের সঙ্গে এর সম্পর্ক থাকায় ভবিষ্যতে ডায়াবেটিস, দীর্ঘমেয়াদি কিডনি রোগ ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে বলে গবেষণায় উঠে এসেছে।

দক্ষিণ কোরিয়ার ক্যাংবুক স্যামসাং হসপিটাল হেলথ স্ক্রিনিং সেন্টার প্রায় চার লাখ সুস্থ মানুষের ওপর দীর্ঘ সময় ধরে গবেষণা চালিয়েছে। স্বাস্থ্য পরীক্ষার দুই শতাধিক রিপোর্ট বিশ্লেষণ করে গবেষকরা শরীরের বিভিন্ন রোগের পারস্পরিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন।

ফ্যাটি লিভার ও বিপাকীয় রোগের সম্পর্ক

লিভারে অতিরিক্ত চর্বি জমাকে ফ্যাটি লিভার বলা হয়। এটি শুধু লিভারের মধ্যেই সীমাবদ্ধ কোনো সমস্যা নয়। গবেষণায় দেখা গেছে, ফ্যাটি লিভারের সঙ্গে শরীরের বিপাকীয় সমস্যার সম্পর্ক রয়েছে।

ফ্যাটি লিভার থাকলে ভবিষ্যতে ডায়াবেটিস, দীর্ঘমেয়াদি কিডনি রোগ ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।

কিডনিতে পাথর ও হৃদরোগ

আল্ট্রাসনোগ্রাম করার সময় অনেকের কিডনিতে ছোট পাথর ধরা পড়ে। অনেক ক্ষেত্রে এটিকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। তবে প্রতিবেদনে উল্লেখ করা গবেষণার তথ্য অনুযায়ী, কিডনিতে পাথরের সঙ্গে হৃদরোগের ঝুঁকিরও সম্পর্ক থাকতে পারে

মেনোপজের সঙ্গেও রয়েছে একাধিক সমস্যা

নারীদের মেনোপজের সময় শুধু শরীরে অতিরিক্ত গরম লাগার মতো উপসর্গই দেখা যায় না। এর সঙ্গে ঘুমের সমস্যা, মানসিক অবসাদ ও শ্রবণশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও যুক্ত থাকতে পারে।

‘সুস্থ স্থূলতা’ কি পুরোপুরি নিরাপদ?

কিছু মানুষের ওজন বেশি হলেও রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকে। এই অবস্থাকে প্রতিবেদনে ‘সুস্থ স্থূলতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় অতিরিক্ত ওজন থাকা এসব ব্যক্তির মধ্যেও পরবর্তীতে হৃদরোগ, কিডনি রোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকতে পারে।

করণীয়

কোনো একটি রোগের সঙ্গে আরেকটি রোগের সম্পর্ক থাকার অর্থ এই নয় যে একটি রোগ সরাসরি অন্য রোগটি সৃষ্টি করছে। এর পেছনে অতিরিক্ত ওজন, ইনসুলিন রেজিস্ট্যান্স, অনিয়মিত খাদ্যাভ্যাস ও অনিদ্রার মতো বিপাকীয় সমস্যা একসঙ্গে ভূমিকা রাখতে পারে।

তাই স্বাস্থ্য পরীক্ষায় ফ্যাটি লিভার বা অন্য কোনো সমস্যা ধরা পড়লে শুধু ওই সমস্যার দিকে নজর না দিয়ে ওজন, রক্তচাপ, রক্তে শর্করা ও সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখা জরুরি। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Social Icons