ক্লোরিন মেশানো পানির গন্ধ, পুরোনো পারফিউম কিংবা দাদির বাড়ির আপেল পাইয়ের সুবাস—হঠাৎ কোনো পরিচিত গন্ধ নাকে এলেই অনেক সময় বহু বছর আগের কোনো ঘটনা বা শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। বিষয়টি কেবল নস্টালজিয়ার অনুভূতি নয়, এর পেছনে রয়েছে মস্তিষ্কের ঘ্রাণ ও স্মৃতিব্যবস্থার বিশেষ সম্পর্ক।
গন্ধ সরাসরি যুক্ত হয় আবেগের সঙ্গে
কোনো সুবাস নাকে প্রবেশ করার পর তা ওলফ্যাক্টরি বাল্বে পৌঁছায়। মস্তিষ্কের এই অংশ ঘ্রাণ প্রক্রিয়াজাত করার পাশাপাশি আবেগ ও স্মৃতির সঙ্গে যুক্ত বিভিন্ন অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করে।
বোস্টন ইউনিভার্সিটির কগনিটিভ নিউরোবায়োলজি ল্যাবরেটরির পরিচালক হাওয়ার্ড আইশেনবামের ব্যাখ্যা অনুযায়ী, ঘ্রাণশক্তি অ্যামিগডালার ওপর শক্তিশালী প্রভাব ফেলতে পারে। অ্যামিগডালা আবেগ প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে কোনো গন্ধের সঙ্গে যুক্ত পুরোনো আবেগও দ্রুত জেগে উঠতে পারে।
কেন শৈশবের স্মৃতি এত তীব্রভাবে ফিরে আসে
কোনো গন্ধ হয়তো সরাসরি কোনো নির্দিষ্ট ঘটনা মনে করিয়ে না দিলেও সেটি পুরোনো কোনো অভিজ্ঞতার সঙ্গে যুক্ত আবেগকে সক্রিয় করতে পারে।
টেক্সাসের টেস্ট অ্যান্ড স্মেল ডিজঅর্ডার ক্লিনিকের ড. রন ডিভেরে বলেন, মানুষ সচেতনভাবে কোনো স্মৃতি মনে করার সময় সাধারণত ঘটনার বিস্তারিত বিবরণের দিকে বেশি মনোযোগ দেয়। কিন্তু গন্ধের মাধ্যমে স্মৃতি ফিরে এলে আবেগের বিষয়টি বেশি প্রাধান্য পেতে পারে।
উদাহরণ হিসেবে, কোনো পুরোনো খাবারের গন্ধ হয়তো আপনাকে খাবারটির নাম মনে করিয়ে দেবে না। কিন্তু সেই গন্ধের সঙ্গে জড়িয়ে থাকা দাদি-নানির বাড়ি, ছুটির দিন কিংবা শৈশবের কোনো মুহূর্তের অনুভূতি হঠাৎ মনে জেগে উঠতে পারে।
হিপোক্যাম্পাসেরও ভূমিকা রয়েছে
ঘ্রাণের সঙ্গে স্মৃতির সম্পর্কের ক্ষেত্রে হিপোক্যাম্পাসের ভূমিকাও গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের এই অংশ স্মৃতি গঠন ও সংরক্ষণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
ওলফ্যাক্টরি সিস্টেমের সঙ্গে হিপোক্যাম্পাস এবং আবেগ-সম্পর্কিত মস্তিষ্কের অংশগুলোর যোগাযোগের কারণে কোনো পরিচিত গন্ধ পুরোনো অভিজ্ঞতার সঙ্গে যুক্ত স্মৃতিকে সক্রিয় করতে পারে।
গন্ধের স্মৃতি কেন এত আবেগঘন মনে হয়
অন্যান্য ইন্দ্রিয়ের তথ্যের তুলনায় ঘ্রাণের তথ্য মস্তিষ্কের আবেগ ও স্মৃতির সঙ্গে যুক্ত অঞ্চলগুলোর সঙ্গে বিশেষ ধরনের সংযোগ তৈরি করে। ফলে গন্ধের মাধ্যমে ফিরে আসা স্মৃতি অনেক সময় শুধু একটি ঘটনা মনে করিয়ে দেয় না, বরং সেই সময়ের অনুভূতিটাও ফিরিয়ে আনে।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি ও হেলথ সাইকোলজির অধ্যাপক ড. কেন হেইলম্যানের মতে, কোনো গন্ধের মাধ্যমে মানুষ অনেক সময় সেই গন্ধের সঙ্গে যুক্ত আবেগকেই মূলত স্মরণ করে।
এ কারণেই বহু বছর পর হঠাৎ পরিচিত কোনো পারফিউম, খাবার, মাটি কিংবা বৃষ্টির গন্ধ নাকে এলে মনে হতে পারে, যেন মুহূর্তের জন্য ফিরে গেছেন শৈশবের সেই পরিচিত সময়ে।









