নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মেঘনা নদীর ভাটি বন্দর এলাকা থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
নিহত ও নিখোঁজ যারা
নিহতরা হলেন মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের যমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫)। নিখোঁজ রয়েছেন একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)।
তারা সবাই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। যমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়তেন।
স্কুলে যাওয়ার কথা বলে নদীতে
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থীরা। পরে স্কুলে না গিয়ে তারা চার বন্ধু একত্রিত হয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে।
নদীতে নামার কিছুক্ষণ পর একজন পানি থেকে উঠে এলেও বাকিরা পানিতে তলিয়ে যায়।
উদ্ধার অভিযান চলছে
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুইজনের মরদেহ উদ্ধার করেছে। আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
