GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / আট দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২

আট দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২

আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ইউনিটটি আবার চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ ছিল ইউনিট

এর আগে গত রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির দৈনিক বিদ্যুৎ উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসে।

আনোয়ারুল আজিম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ থাকায় কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ত্রুটি দেখা দেওয়ার পর দ্রুত তা সমাধানের চেষ্টা করা হয়।

উৎপাদন হচ্ছে ৩৬৮ মেগাওয়াট

রক্ষণাবেক্ষণের কাজ শেষে রোববার দুপুরে দ্বিতীয় ইউনিটটি চালু করা হয়। প্রাথমিকভাবে ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়িয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কেন্দ্রটির দুটি ইউনিটেই পূর্ণ সক্ষমতায় উৎপাদন চলছে। পাশাপাশি কেন্দ্রটিতে পর্যাপ্ত কয়লাও মজুদ রয়েছে।

রামপাল কেন্দ্রের উৎপাদন সক্ষমতা

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট স্থাপিত উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট

কেন্দ্রটির প্রথম ইউনিট ২০২২ সালের ২৩ ডিসেম্বর উৎপাদনে যায়। ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় ২০২৩ সালের ২৪ অক্টোবর।

স্বাভাবিকভাবে দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে কেন্দ্রটি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে থাকে।

Social Icons