GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী,সফর বহরে থাকছেন যারা

আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী,সফর বহরে থাকছেন যারা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বাংলায় বক্তব্য দেবেন। বিষয়টি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন।

জাতিসংঘে যেসব বিষয়ে গুরুত্ব দেবেন

পররাষ্ট্র সচিবের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর ভাষণে গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার গুরুত্ব পাবে। রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে পৃথক সাইড ইভেন্টেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের অঙ্গীকারও জাতিসংঘের মঞ্চে তুলে ধরা হবে।

একাধিক দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

সফরে তারেক রহমান কুয়েত, ক্রোয়েশিয়া, পাকিস্তান ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে পররাষ্ট্র সচিব জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যাও সীমিত রাখা হয়েছে। বহরে ৩৫ জন থাকার কথা রয়েছে। তাদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রয়েছেন।

এ ছাড়া বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিনও সফরসঙ্গী হিসেবে থাকবেন।

২৪ সেপ্টেম্বর প্রথমবার জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমানের এটি প্রথম ভাষণ। ২৪ সেপ্টেম্বরের বক্তব্যে বাংলাদেশের নতুন সরকারের ভবিষ্যৎ ভাবনা ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের অগ্রাধিকার তুলে ধরার কথা রয়েছে।

পররাষ্ট্র সচিব জানিয়েছেন, কার্যকর কূটনৈতিক কর্মসূচির জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী সফরের জন্য ততটুকু সময়ই নির্ধারণ করেছেন।

Social Icons