GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / জানুয়ারিতে শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন

জানুয়ারিতে শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন

পরীক্ষার সময়সূচি ও ভোটকেন্দ্র সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আগামী নভেম্বরে তফসিল ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসি সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষে তফসিল ঘোষণা করে নভেম্বরের মাঝামাঝি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে নভেম্বর ও ডিসেম্বরজুড়ে বার্ষিক পরীক্ষা থাকায় ওই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

পরীক্ষার কারণে পরিবর্তন পরিকল্পনায়

গত ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি জানতে পারে, নভেম্বর-ডিসেম্বরজুড়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা চলবে। ফলে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শিক্ষক পাওয়া কঠিন হবে। একই সঙ্গে স্কুলের ভবনগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় কেন্দ্র ব্যবস্থাপনাতেও সমস্যা তৈরি হতে পারে।

এ কারণে নভেম্বরে তফসিল দিয়ে জানুয়ারিতে ভোট আয়োজনের পরিকল্পনা করছে কমিশন। ইসির হিসাবে, জানুয়ারিতে নির্বাচন করতে হলে ভোটের অন্তত ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে।

রোজা ও পরীক্ষার সময় বিবেচনায় নির্বাচন

ইসি সূত্র বলছে, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন আয়োজনের পর কিছুটা সময় পাওয়া যাবে। এরপর রোজা শুরু হবে। রোজা শেষে মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর মে মাস থেকে আবার একাধিক ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এরপর ৬ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় নির্বাচনের জন্য সময় আরও সীমিত হয়ে আসবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, পরীক্ষা ও অন্যান্য সার্বিক বিষয় বিবেচনা করেই জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

এর আগে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মো. সানাউল্লাহ জানান, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে পরীক্ষা থাকায় নির্বাচন আয়োজনের জন্য সময়ের সুযোগ খুবই কম। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় নির্বাচনে ৯৮ হাজারের বেশি ভোটকেন্দ্র

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মোট ৯৮ হাজার ১৯৬টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে ধাপে ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

স্থানীয় নির্বাচনে ভোটার প্রায় ১২ কোটি ৮৮ লাখ

গত ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন

কোন কোন স্থানীয় প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী

ইসির রোডম্যাপ অনুযায়ী, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বিভিন্ন মামলা ও সীমানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ১০৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি।

দেশে মোট ৩৩০টি পৌরসভা থাকলেও ৩২০টি নির্বাচন উপযোগী। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভা এখনো নির্বাচন উপযোগী নয়।

এ ছাড়া নতুন পাঁচটি উপজেলাসহ দেশে মোট ৫০০টি উপজেলা রয়েছে এবং সবগুলোই নির্বাচন উপযোগী বলে ইসির রোডম্যাপে উল্লেখ করা হয়েছে। নতুন বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনও নির্বাচন উপযোগী রয়েছে।

বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধি না থাকায় প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে ইউনিয়ন পরিষদগুলোতে এখনো নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।

Social Icons