GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / টোকিওর কাছ দিয়ে যাবে ‘দুজুয়ান’, বাড়ছে দুর্যোগের আশঙ্কা

টোকিওর কাছ দিয়ে যাবে ‘দুজুয়ান’, বাড়ছে দুর্যোগের আশঙ্কা

টোকিওর কাছ দিয়ে যাবে ‘দুজুয়ান’, বাড়ছে দুর্যোগের আশঙ্কা

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে কান্তো অঞ্চলসহ পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। একই সঙ্গে বাড়ছে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, টাইফুনটি টোকিও মহানগরীর কাছাকাছি দিয়ে অতিক্রম করতে পারে। ফলে আগামী কয়েক ঘণ্টায় দেশটির পূর্বাঞ্চলের আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

কোথায় বেশি বৃষ্টির শঙ্কা

ইজু দ্বীপপুঞ্জ, চিবা প্রিফেকচারসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ভারি বৃষ্টিপাত হয়েছে। শনিবার থেকে কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেএমএর পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি কান্তো অঞ্চলের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সোমবার বিকাল থেকে বৃষ্টিপাত আরও তীব্র হতে পারে। কান্তো অঞ্চলের মধ্যে টোকিও ও আশপাশের কয়েকটি প্রিফেকচার রয়েছে।

ভূমিধস ও আকস্মিক বন্যার শঙ্কা

কর্তৃপক্ষ জানিয়েছে, কান্তো ও মধ্য জাপানের কিছু এলাকায় ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হতে পারে। এ ধরনের বৃষ্টিপ্রবণ মেঘমালা একটি নির্দিষ্ট এলাকায় কয়েক ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টিপাত ঘটাতে পারে।

এর ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এশিয়ান গেমসের ইভেন্ট স্থগিত

টাইফুনের প্রভাব পড়েছে চলমান এশিয়ান গেমসেও। মধ্য জাপানের আইচি প্রিফেকচারে অনুষ্ঠিত অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে জাপানে ভারি ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত বড় ধরনের দুর্যোগের কারণ হয়েছে। ফলে ‘দুজুয়ান’-এর প্রভাবে সম্ভাব্য বৃষ্টি ও ভূমিধস পরিস্থিতি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: রয়টার্স

Social Icons