ব্যাটারি চুরির অভিযোগে ধরা পড়েন জামাই
মানিকগঞ্জ সদর উপজেলায় মেয়ের জামাইয়ের লাথির আঘাতে সিদ্দিক আলী (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মেয়ের জামাই রাসেল (২৭)-কে আটক করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক আলী সাকরাইল গ্রামের মৃত রুপচানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। আটক রাসেল পাশের বিশ্বনাথপুর গ্রামের মৃত হাবিবুর ওরফে হুবিল্লার ছেলে।
কথা-কাটাকাটির একপর্যায়ে লাথি
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে সিদ্দিক আলীর বাড়িতে হ্যালো বাইকের ব্যাটারি চুরি করতে এক ব্যক্তি ঢোকে। পরিবারের সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে তারা দেখতে পান, ওই ব্যক্তি সিদ্দিক আলীর মেয়ের জামাই রাসেল।
এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রাসেলের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাসেল তার শ্বশুর সিদ্দিক আলীকে লাথি মারেন। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদকাসক্তির অভিযোগ স্থানীয়দের
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, রাসেল মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে তিনি মাঝেমধ্যে চুরি করতেন বলেও তারা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নিহতের স্ত্রী রুনা বেগম বলেন, রাতে তার ছেলে চিৎকার করে জানায়, তাদের হ্যালো বাইকের ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। পরে ধরে দেখেন, ওই ব্যক্তি তার মেয়ের জামাই রাসেল। এ সময় রাসেল তার স্বামীকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান।
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সিদ্দিক আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় রাসেলকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন তাকে মারধর করায় তিনি বর্তমানে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



