GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / জাল সনদে দেড় যুগ চাকরি: সুপ্রিম কোর্টের অফিস সহকারী বরখাস্ত, ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ

জাল সনদে দেড় যুগ চাকরি: সুপ্রিম কোর্টের অফিস সহকারী বরখাস্ত, ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ

শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টে দীর্ঘ দেড় যুগ ধরে অফিস সহকারী পদে চাকরি করার চাঞ্চল্যকর অপরাধে এক কর্মচারীকে অপসারণ করা হয়েছে।

অপসারণের পাশাপাশি চাকরি শুরুর পর থেকে দীর্ঘ ১৮ বছরে তোলা সমূদয় বেতন-ভাতার ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা আগামী ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নজিরবিহীন নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (সাধারণ ও সংস্থাপন) শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশে এই কঠোর দণ্ড ও সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের সাবেক অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলা জাল-জালিয়াতির মাধ্যমে সৃজিত ভূয়া শিক্ষাগত সনদের ভিত্তিতে অফিস সহকারী পদে নিয়োগ লাভ করেছিলেন।

পরবর্তীতে সার্ভিস রেকর্ড যাচাই এবং বিভাগীয় তদন্তে জালিয়াতির অভিযোগটি সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় চাকরি বিধিমালা অনুযায়ী গোলাম মাওলাকে প্রশাসনিকভাবে চাকরি হতে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আদেশে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, প্রতারণার মাধ্যমে পাওয়া এই চাকরি শুরু থেকেই সম্পূর্ণ বাতিল হিসেবে গণ্য হবে, যার ফলে ওই পদে চাকরিকালে তিনি কোনোপ্রকার বেতন-ভাতার জন্য আইনত যোগ্য বা প্রাপ্য ছিলেন না।

রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায়, অভিযুক্ত গোলাম মাওলা ২০০৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কর্মরত থেকে বেতন-ভাতা বাবদ সর্বমোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা উত্তোলন করেছেন।

যেহেতু তার সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়া শুরু থেকেই আইনিভাবে বাতিল ঘোষণা করা হয়েছে, তাই উত্তোলন করা এই সমুদয় ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা আগামী ৩০ দিনের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে তাকে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্টার শাখা কর্তৃক প্রবর্তিত এই গুরুত্বপূর্ণ অফিস আদেশটি ইতোমধ্যেই সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে সাধারণ ও সংবাদমাধ্যমের তথ্যের জন্য আপলোড করা হয়েছে।

Social Icons