বাসাবাড়িতে একসঙ্গে টেলিভিশন, মোবাইল চার্জার, রাউটার বা টেবিল ল্যাম্প চালানোর ক্ষেত্রে মাল্টিপ্লাগের ব্যবহার অত্যন্ত জনপ্রিয় ও সাধারণ একটি বিষয়।
তবে দৈনন্দিন ব্যবহারের এই সুবিধাজনক ছোট্ট যন্ত্রটিই অসাবধানতার কারণে যেকোনো সময় ভয়াবহ বড় অগ্নিকাণ্ড বা প্রাণঘাতী বিপদের কারণ হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ ক্ষমতাসম্পন্ন ও বেশি বিদ্যুৎ খরচ করে এমন বৈদ্যুতিক যন্ত্রপাতির পাওয়ার সংযোগ কখনো মাল্টিপ্লাগে দেওয়া উচিত নয়; এতে অতিরিক্ত চাপে শর্টসার্কিট, তার গলে যাওয়া এমনকি বাসা-বাড়িতে আগুন লাগার মতো মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইলেকট্রিক্যাল সেবা সংস্থা ‘মিস্টার স্পার্কি’র সহ-সভাপতি ড্যানিয়েল মকের মতে, ফ্রিজ, ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশনার (এসি) ও স্পেস হিটারের মতো উচ্চ বিদ্যুৎচাহিদার যন্ত্রপাতি চালানোর সময় সবসময় সরাসরি দেয়ালের উপযুক্ত প্রধান সকেটে সংযোগ করা উচিত।
এর কারণ এসব যন্ত্র চালুর মুহূর্তে প্রবল ভোল্টেজ বা কারেন্ট টানে, যা সাধারণ মাল্টিপ্লাগ বা পাওয়ার স্ট্রিপে অতিরিক্ত লোড সৃষ্টি করে ওভারহিট ঘটায় এবং কম্প্রেসর বা ভেতরের দামি সার্কিট স্থায়ীভাবে বিকল করে দেয়।
এছাড়াও হেয়ার ড্রায়ার, চুল স্ট্রেইটনার, টোস্টার, কফি মেকার, এমনকি সিপিএপি মেশিন বা অক্সিজেন কনসেন্ট্রেটরের মতো চিকিৎসা সম্পর্কিত জরুরি জীবন রক্ষাকারী যন্ত্রও ভুলক্রমে মাল্টিপ্লাগে চালানো উচিত নয়।
অন্যদিকে, গেইমিং কম্পিউটার বা উচ্চমূল্যের সাউন্ড সিস্টেম সুরক্ষায় সাধারণ মাল্টিপ্লাগের পরিবর্তে ভালো মানের সার্জন প্রটেক্টর বা ইউপিএস ব্যবহারের ওপর জোর দিয়েছেন ট্রাই-কাউন্টি এয়ার সার্ভিসের প্রধান ডব্লিউজি হিকম্যান।
পাশাপাশি, স্থান বাঁচানোর উদ্দেশ্যে একটি মাল্টিপ্লাগের সঙ্গে অপর একটি মাল্টিপ্লাগ যুক্ত করার বিপজ্জনক অভ্যাস—যাকে কারিগরি ভাষায় ‘ডেইজি-চেইনিং’ বলা হয়, তা দ্রুত সার্কিট ব্রেকার অকার্যকর করে অগ্নিকাণ্ড ঘটাতে পারে।
বিদ্যুৎ বিশেষজ্ঞদের স্পষ্ট পরামর্শ—যেসব যন্ত্র থেকে তাপ উৎপন্ন হয়, ভারী মোটর রয়েছে কিংবা যা ১০০০ ওয়াটের বেশি বিদ্যুৎ গ্রহণ করে, সেগুলো দেয়ালের মূল সকেটে সোজাসুজি সংযোগ দেওয়া আবশ্যক; কেবল মোবাইল চার্জার, টেবিল ল্যাম্প বা কম বিদ্যুৎ দরকার এমন হালকা সামগ্রীতেই সতর্কতার সাথে মাল্টিপ্লাগ ব্যবহার করা যেতে পারে।

