GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ‘ট্রাম্প টিভি’ চালু, পুরোনো ভাষণও থাকবে সম্প্রচারে

‘ট্রাম্প টিভি’ চালু, পুরোনো ভাষণও থাকবে সম্প্রচারে

‘ট্রাম্প টিভি’ চালু, পুরোনো ভাষণও থাকবে সম্প্রচারে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিডিও কভারেজ ঘিরে দেশটির কয়েকটি শীর্ষ টেলিভিশন নেটওয়ার্কের বয়কটের মধ্যেই হোয়াইট হাউস চালু করেছে ‘ট্রাম্প টিভি’ নামে একটি নিজস্ব ভিডিও ফিড।

সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে অনলাইনে এই ভিডিও সম্প্রচার শুরু হয়েছে। হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন ‘ট্রাম্প টিভি’ চালু থাকবে এবং নিয়মিতভাবে বিভিন্ন ভিডিও ও সরকারি কার্যক্রমের তথ্য সম্প্রচার করা হবে।

কী থাকছে ‘ট্রাম্প টিভি’তে

চালুর পর প্ল্যাটফর্মটিতে ট্রাম্পের বিভিন্ন পুরোনো ভাষণ, জনসম্মুখে উপস্থিতির ভিডিও, সরকারি ঘোষণা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তের ফুটেজ দেখানো হয়। এর মধ্যে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের ভিডিওও ছিল।

গণমাধ্যমের সঙ্গে বিরোধের মধ্যে নতুন উদ্যোগ

সম্প্রতি সিএনএন, পলিটিকো ও এমএস নাও-এর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে ওই সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে নেতিবাচক ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তোলা হয়।

নিষিদ্ধ সংবাদমাধ্যমগুলো অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। তাদের অভিযোগ, সংবাদ প্রকাশের ধরন পছন্দ না হওয়ায় সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিল করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছে, সংবাদমাধ্যমের খবর প্রকাশের অধিকার থাকলেও হোয়াইট হাউসের নির্দিষ্ট প্রাঙ্গণ, ব্রিফিং কক্ষ বা প্রেস পুলে প্রবেশের নিশ্চয়তা সংবিধানের প্রথম সংশোধনী দেয় না।

টেলিভিশন প্রেস পুলেও প্রভাব

এই বিরোধের প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলে। সাধারণত এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স ও এনবিসি পালাক্রমে প্রেসিডেন্টের বিভিন্ন কর্মসূচির ভিডিও ধারণ করে অন্য সংবাদমাধ্যমগুলোর মধ্যে সরবরাহ করে।

তবে কয়েকটি সংবাদমাধ্যমের প্রবেশাধিকার বাতিলের পর এই ব্যবস্থায়ও অচলাবস্থা তৈরি হয়েছে। এর মধ্যেই হোয়াইট হাউস নিজস্ব ভিডিও ফিড চালু করল।

এদিকে ট্রাম্প বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে সেখানে গেছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, সেখানে তিনি সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

তথ্যসূত্র: এএনআই, দ্য হিল

Social Icons