GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / বেতাগীতে প্রেমের প্রস্তাব ঘিরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন

বেতাগীতে প্রেমের প্রস্তাব ঘিরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন

বেতাগীতে প্রেমের প্রস্তাব ঘিরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন

বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবক ফয়সাল মৃধার বিরুদ্ধে। গুরুতর আহত ওই শিশুর তিনটি দাঁত উপড়ে যাওয়ার পাশাপাশি আরও দুটি দাঁত ভেঙে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।

ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত ফয়সালের মা ও ভাইকে গ্রেফতার করেছে। তবে প্রধান আসামি ফয়সাল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্তের অভিযোগ

ভুক্তভোগী বেতাগী উপজেলার গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়া-আসার পথে ফয়সাল বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।

শিক্ষার্থীর মায়ের ভাষ্য অনুযায়ী, গত শনিবার রাতে বাড়ির বাইরে টয়লেটে যাওয়ার সময় দরজার ফাঁক দিয়ে ফয়সাল তার মেয়ের শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।

পরে নিরাপত্তার জন্য তার মা ৯৯৯ নম্বরে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্কুল থেকে ফেরার পথে মারধরের অভিযোগ

পরিবারের ভাষ্য, ওই ঘটনার পর ভয়ে শিশুটি স্কুলে যাচ্ছিল না। পরে বিদ্যালয়ের একজন শিক্ষক তাকে স্কুলে নিয়ে যান।

সোমবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে গাবতলী এলাকায় শিশুটির পথরোধ করেন ফয়সাল বলে সহপাঠীরা জানিয়েছেন। অভিযোগ অনুযায়ী, প্রথমে তাকে ঘুষি ও থাপ্পড় মারা হয়। পরে সে রাস্তায় পড়ে গেলে মুখের ওপর লাথি মারা হয়।

সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শিক্ষকরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

গুরুতর জখম, প্রয়োজন উন্নত চিকিৎসা

কর্তব্যরত সহকারী সার্জন চিকিৎসক মেহেদী হাসান জানান, জোরালো আঘাতে শিশুটির ঘটনাস্থলেই তিনটি দাঁত উপড়ে যায় এবং আরও দুটি দাঁত ভেঙে যায়। মুখের অ্যানাটমি অংশেও ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

চিকিৎসকের মতে, পুরোপুরি সুস্থ হতে শিশুটির উন্নত ডেন্টাল সার্জারিসহ দীর্ঘ সময় চিকিৎসা প্রয়োজন হতে পারে।

পুলিশি মামলা, দুজন গ্রেফতার

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।

বেতাগী থানার ওসি মো. হারুন অর-রশীদ হাওলাদার জানান, মামলার তিন আসামির মধ্যে ফয়সালের মা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি ফয়সালকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

এ ঘটনায় আহত শিশুর পরিবার ও স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Social Icons