মৎস্য অধিদফতরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ (NOC) বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে।
মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত একটি চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির কার্যক্রম বন্ধ রয়েছে।
আমদানিকারক সমিতির বক্তব্য
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ্ব মহসিন মিলন গণমাধ্যমকে জানান, বাংলাদেশ মৎস্য অধিদফতরের একটি চিঠি তাদের কাছে এসেছে।
তিনি বলেন, চিঠিতে অনেকগুলো অনাপত্তি সনদ বাতিলের বিষয় উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণে ইলিশ আমদানি বন্ধ রয়েছে এবং এতে আমদানিকারকরা সমস্যায় পড়েছেন।
ক্ষতির মুখে আমদানিকারকরা
ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ করে আমদানি বন্ধ হওয়ায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
তিনি জানান, আমদানির উদ্দেশ্যে ওপারে ক্রয় করা ইলিশ রাখা হয়েছিল। এখন সেগুলো কম দামে ফেরত দিতে হতে পারে। পাশাপাশি আমদানি সংক্রান্ত খরচের ক্ষতিও রয়েছে।
