মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, “আমরা বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে আলাদা নই, আমরা কোনো দ্বীপ নই। কাজেই মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব আমাদের জ্বালানি তেলের বাজারে পড়েছে।”
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তেল পাচার ঠেকাতে দাম সমন্বয়
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সীমান্তবর্তী প্রতিবেশী দেশগুলোতে যাতে জ্বালানি তেল পাচার না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের বাজারে তেলের দাম সমন্বয় করা হয়েছে।
তিনি বলেন, “বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল। প্রতিবেশী অনেক দেশেই জ্বালানি তেলের দাম আমাদের চেয়ে বেশি। যে কারণে আমাদের দেশ থেকে জ্বালানি তেল পাচারের একটি ঝুঁকি তৈরি হয়েছে। সেই বিবেচনায় আমরা তেলের দাম বাড়িয়েছি।”
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা কষ্ট করে বৈদেশিক মুদ্রা উপার্জন করেন। সেই অর্থ দিয়ে জ্বালানি তেল কেনা হয়। তাই প্রবাসীদের কষ্টার্জিত অর্থে কেনা তেল যাতে পাচার না হয়, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে দাম পুনর্মূল্যায়নের সম্ভাবনা
জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়নের সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমানে পুরো বিশ্বই জ্বালানি সংকটের প্রভাবের মধ্যে রয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তখন দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা যাবে।
প্রতিমন্ত্রী বলেন, “তেলের দাম যা ছিল, তার চেয়েও কম নির্ধারণ করার সুযোগ থাকলে সেটা করা হবে।”
বোরো মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে পরিকল্পনা
বোরো মৌসুমে বিদ্যুতের লোডশেডিং কমবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের কথা বিবেচনা করে সরকার বোরো মৌসুমে প্রান্তিক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।
তিনি জানান, কৃষকদের পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা দিতে সৌরবিদ্যুৎভিত্তিক সেচ ব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
