রাজধানীর মিরপুর ইসিবি চত্বর সংলগ্ন নিউগিনি হাউজিং প্রজেক্টে অবস্থিত নিজের ‘ব্রাউনফিশ স্টুডিও’তে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের পর অত্যন্ত ক্ষুব্ধ ও দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সরাসরি লাইভ ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই হামলা বা তাণ্ডব চালিয়ে তাকে কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না।
এর আগে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার স্টুডিও প্রাঙ্গণে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালমান মুক্তাদির বলেন, “আমি আমার ক্রিয়েটিভিটি বা সৃজনশীল কাজ চালিয়ে যাব। নতুন কোনো কনটেন্ট থাকলে তা নিয়মিত প্রকাশ করব, ক্লায়েন্টদের কাজও করব। হয়তো সাময়িকভাবে সুন্দর করে গুছিয়ে করতে পারব না, তবে আমি থামব না। দরকার পড়লে দেশ থেকে না হলে দেশের বাইরে থেকে আমার কাজ চালিয়ে যাব।”
পরবর্তী আরেকটি লাইভ ভিডিওতে নিজের ধ্বংসস্তূপ হয়ে যাওয়া স্টুডিওর চিত্র দেশবাসীর সামনে তুলে ধরে তিনি বলেন, “দেখুন, এটা নিছক ভাঙচুর নয়; এটা হচ্ছে পুরোপুরি ডাকাতি, চাঁদাবাজি ও ধ্বংসযজ্ঞ। দেশে যখন বেকারত্ব দূর করা সম্ভব হয় না এবং সঠিক আইনশৃঙ্খলা থাকে না, তখন পরিণতি এমনই হয়।”
নিজের মনোবল দৃঢ় উল্লেখ করে তিনি আরও বলেন, “ভাগ্যক্রমে আমার পক্ষে এই ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব, কারণ আমি সবসময় নিজের যোগ্যতায় কাজ করে এসেছি। আমাকে এভাবে ভেঙে ফেলা যাবে না। তবে আমার দুশ্চিন্তা হচ্ছে সাধারণ মানুষ ও নতুনদের নিয়ে; যাদের কোনো বড় চ্যানেল বা স্টুডিও এমনভাবে ধ্বংস করা হলে তারা সম্পূর্ণ সর্বস্বান্ত হয়ে পড়ত। বাংলাদেশে সাধারণ মানুষ আজ কোথাও নিরাপদ নয়।”
দেশের আইনশৃঙ্খলা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে সালমান কিছুটা ব্যঙ্গাত্মক সুরে বলেন, “আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো এসব ভিডিও দেখেন। উনার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ, রাগ বা দাবি নেই। একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি কী করছেন তা পুরো দেশবাসী দেখছে, আপনারাই কমেন্টে বলে দিতে পারবেন তিনি কত ভালো কাজ করছেন; আমার মুখে আসলে বলার আর কিছু নেই।”
হামলার মূল কারণ সম্পর্কে নিজের উপলব্ধি ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, এটি যে কেবল তার ব্যক্তিগত শত্রুতার জের নয়, বরং পুরো নিউগিনি হাউজিং প্রজেক্টকে কেন্দ্র করে কোনো পক্ষের ঝামেলা—তা তিনি নিশ্চিত হয়েছেন, কারণ দুর্বৃত্তরা তার স্টুডিওর পাশাপাশি পুরো হাউজিং প্রজেক্টেই তাণ্ডব চালিয়েছে।
