অভিনয়ে আগের চেয়ে কিছুটা অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত ভক্ত-অনুরাগীদের নতুন নতুন চমক উপহার দিয়ে সরব থাকেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কনের সাজের ৩টি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী, যেখানে তাকে পুরোপুরি সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের সাজে দেখা গেছে।
ছবিগুলোতে দেখা যায়—পরনে গাঢ় লাল শাড়ি, মাথায় বর-কনের ঐতিহ্যবাহী মুকুট, কপালে ঝুলছে টিকলি এবং দুই হাতে পরা শাঁখা-পলা। সনাতন ধর্মীয় বিয়ের রীতিনীতি মেনে লালচে আলোয় বর কনের আসরে গম্ভীর মুখে বসে আছেন তিনি।
বিয়ের মণ্ডপ বা আসরের আবহ ফুটিয়ে তুলতে পেছনে রঙিন কাগজের পতাকাসজ্জা, প্রথাগত কলাগাছ ও সনাতন পূজার নানা উপাচার সাজানো রয়েছে। হঠাৎ হিন্দু বধূর সাজে প্রভাকে দেখে সামাজিক মাধ্যমে অনুসারীদের মনে নানা প্রশ্নের জন্ম হলেও ছবির ক্যাপশনে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন অভিনেত্রী নিজেই।
ছবিগুলোর সাথে প্রভা ক্যাপশনে লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে একজন অভিনয়শিল্পী হওয়ার সুবাদে বিভিন্ন রূপের ভিন্ন ভিন্ন চরিত্র পর্দায় উপস্থাপন করতে পারি।’
তার এই কথা থেকেই ভক্তদের ধারণা স্পষ্ট হয় যে, কোনো নাটক বা সরকারি অনুদানের সিনেমার চরিত্রের তাগিদেই এমন হিন্দু বধূর রূপ ধারণ করেছেন তিনি। তবে ঠিক কোন নাটক বা প্রজেক্টের শুটিংয়ের খাতিরে এই সাজ—তা নির্দিষ্ট করে জানাননি অভিনেত্রী।
উল্লেখ্য, বর্তমানে দুটি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের কাজে দারুণ ব্যস্ত সময় পার করছেন প্রভা। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ সিনেমার অর্ধেকের বেশি দৃশ্যধারন শেষ হওয়ার পাশাপাশি ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি চলচ্চিত্রেও কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে তাকে।
