GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / অর্থনীতি ও বাণিজ্য / বাণিজ্য / বাংলা কিউআর কোডে কারসাজি প্রতারণামূলক লেনদেন গণ্য হবে: বাংলাদেশ ব্যাংক

বাংলা কিউআর কোডে কারসাজি প্রতারণামূলক লেনদেন গণ্য হবে: বাংলাদেশ ব্যাংক

বাংলা কিউআর (Bangla QR) কোডের আড়ালে অন্য যেকোনো কোড পরিবর্তন বা স্টিকার প্রতিস্থাপন করা হলে তা সরাসরি অননুমোদিত ও প্রতারণামূলক লেনদেন হিসেবে বিবেচিত হবে। একই সাথে গ্রাহকের সম্মতি বা অনুমোদন ছাড়া করা যেকোনো ট্রানজাকশনকেও সুনির্দিষ্টভাবে জালিয়াতি বলে গণ্য করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত ‘বাংলা কিউআর কোড পরিচালনা ও তদারকি’ সংক্রান্ত হালনাগাদ গাইডলাইনে এসব কড়া তথ্য ও বিধান উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকায় স্পষ্ট করা হয় যে, অসৎ উদ্দেশ্যে কোনো মার্চেন্টের ছদ্মবেশ ধারণ করে বাংলা কিউআর ডিসপ্লেতে ভুয়া কিউআর কোড বসানো অথবা গ্রাহকের অজান্তে লেনদেন সম্পন্ন করার চেষ্টা আইনিভাবে জালিয়াতি বলে পরিগণিত হবে।

ডিজিটাল এই প্ল্যাটফর্মে গ্রাহকদের অধিকার রক্ষায় লেনদেন সংক্রান্ত যেকোনো বিরোধ, অভিযোগ নিষ্পত্তি এবং পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কার্ড ইস্যুকারী (Issuer) কিংবা অ্যাকোয়ারিং (Acquirer) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ কার্যদিবস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

তদন্ত প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ ৩ কর্মদিবসের মধ্যে ক্ষতিগ্রস্ত গ্রাহকের মূল টাকা ফেরত বা রিফান্ড নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তদন্তে যদি গ্রাহকের দাবি বা অভিযোগ খারিজে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তার উপযুক্ত ও সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যাসহ বিস্তারিত বিবরণ কেন্দ্রীয় ব্যাংককে লিখিতভাবে অবহিত করতে হবে।

এছাড়াও যেকোনো ধরনের ভুয়া, জালিয়াতিপূর্ণ ও অননুমোদিত ডিজিটাল লেনদেন সংক্রান্ত তদন্তের সকল তথ্যপ্রমাণ, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল লগ ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের জন্য কার্ড ইস্যুয়িং এবং অ্যাকোয়ারিং উভয় প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে; যা চাহিবামাত্র বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলের কাছে হস্তান্তরে বাধ্য থাকবে প্রতিষ্ঠানগুলো।

Social Icons