নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির এক অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের মাদানীনগর ১০ তলা ভবন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিমরাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জুলহাস উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের অনতিদূরেই পথচারীদের চলাচলের জন্য নিরাপদ ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ওই নারী ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রোড ডিভাইডারের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত ওই নারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহসহ আনুষঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় ঘাতক গাড়ি ও চালককে শনাক্তে মহাসড়কের সিআইডি ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
